চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বে উপনীত বাংলাদেশ : মন্ত্রী

১৮ আগষ্ট, ২০২০ ১৭:০৫  
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচী বাস্তবায়নের নেতৃত্বের দূরদর্শীতার ফলে আমাদের জীবন যাত্রা উন্নত দুনিয়ার মানুষদের চেয়ে পিছিয়ে নেই। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য । তার এই লক্ষ্য বাস্তবায়নের ধারাবহিকতায় আমরা ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২, তৃতীয় সাবমেরিন ক্যাবল এবং ৫জি বাস্তবায়নে কাজ শুরু করেছি। তিনি বলেন, তরুণরাও আজ অনলাইন ব্যবসায় নিজেদের নিয়োজিত করছে আমাদের তৈরি করা ডিজিটাল মহাসড়কে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে উচ্চগতির ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রতিটি ইউনিয়নে, প্রত্যন্ত চর-দ্বীপ-হাওর-বিলে ইন্টারনেট সুবিধা আমরা পৌঁছে দিচ্ছি। প্রত্যন্ত অঞ্চলের শিশুটিও আজ ইন্টারনেটের সাথে পরিচিত। মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ওয়েবিনারে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হত্যার চেষ্টা হয়েছিল মন্তব্য করে তিনি আরো বলেন, আজ প্রমাণিত-খুনী মাজেদের স্বীকারোক্তি অনুসারে জাতির পিতাকে সপরিবারে খুনের ষড়যন্ত্রকারীদের নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান। এই জিয়া কেবল খুনী নয়-পাকিস্তানের এজেন্ট। ক্যাপ্টেন মাজেদ তার জবানবন্দীতে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। পঁচাত্তরে জননেত্রী শেখ হাসিনা দেশে থাকলে আমরা আজকের এই বাংলাদেশ পেতাম না। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসেন ও সেলিমা সুলতানা, যুগ্ম-সচিব মো: জেহসান ইসলাম, বিটিসিএল ব্যাবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন এবং ডট মহাপরিচালক মহসীনুল আলম প্রমূখ বক্তৃতা করেন।